স্পোর্টস ডেক্স|০৬ নভেম্বর২০২৫
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
বিপিএল-এর নতুন মরশুমের আগে বড় খবর, তারকা অভিনেতার 'চ্যাম্পিয়ন স্পোর্টস' পেয়েছে দীর্ঘ মেয়াদী অনুমোদন
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আসন্ন ১২তম আসরের ঠিক আগে এলো এক রোমাঞ্চকর খবর—ঢাকাই সিনেমার 'কিং খান' খ্যাত শাকিব খান আগামী পাঁচ বছরের জন্য 'ঢাকা ক্যাপিটালস'-এর মালিকানা ধরে রেখেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, শাকিব খানের প্রতিষ্ঠান 'চ্যাম্পিয়ন স্পোর্টস' দীর্ঘমেয়াদী এই ফ্র্যাঞ্চাইজি স্বত্ব লাভ করেছে।
গত বছর (১১তম আসর) প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে ক্রিকেটের ময়দানে পা রেখেছিলেন এই তারকা। প্রথম সিজনে শিরোপা জিততে না পারলেও, শাকিব খানের উপস্থিতি ক্রিকেট ও চলচ্চিত্র ভক্তদের মধ্যে এক নতুন উৎসাহের সৃষ্টি করেছিল। সেই সময়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দল ভবিষ্যতে আরও শক্তিশালী, আক্রমণাত্মক এবং সুসংগঠিত হয়ে ফিরবে।
বিসিবি সম্প্রতি আগামী বিপিএল মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চূড়ান্ত করেছে। এর মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, শাকিব খান তার আগের প্রতিশ্রুতি পূরণের সুযোগ পাচ্ছেন। 'চ্যাম্পিয়ন স্পোর্টস'কে আরও পাঁচ বছরের জন্য 'ঢাকা ক্যাপিটালস'-এর স্বত্ব দেওয়া হয়েছে। এই দীর্ঘমেয়াদী অনুমোদন দলের পরিকল্পনা ও স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক দিক।
আগামী ডিসেম্বরের ১৯ তারিখ থেকে ১২তম বিপিএল মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের জন্য মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে 'ঢাকা ক্যাপিটালস'-এর মালিকানায় থাকছেন শাকিব খান। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। শাকিব খানের মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস এই বছর কেমন দল গড়ে এবং তাদের পারফরম্যান্স কেমন হয়, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা।

