করোনায় যশোরে এক সপ্তাহে তিনজনের মৃত্যু, আতঙ্কে সাধারণ মানুষ

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ | সময়: ১:১৮:৩৬ PM

যশোর:

ছবি: সংগ্রহীত

ফের করোনার বিস্তার ঘটছে যশোরে। জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে চলতি এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে তিনজন রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যু হয় শুক্রবার (২০ জুন) সন্ধ্যায়—সাতক্ষীরার কলারোয়ার গদখালী গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী সাবিলা বেগম (৫৫)। তিনি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত বুধবার (১৮ জুন) রাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় যশোর সদর উপজেলার মহম্মদকাটি গ্রামের বাসিন্দা ইউসুফ হোসেন (৪২) নামে এক ব্যক্তির। তিনি করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তালিকার আরও একজন হলেন বাঘারপাড়া উপজেলার জলছাপপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮)। তিনি ১৭ জুন যশোর জেনারেল হাসপাতালে মারা যান। তার মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং বেশ কয়েকজন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, জনগণকে সতর্ক থাকতে হবে, নিয়মিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টিকা নেওয়ার বিষয়ে সচেতন হতে হবে।
এদিকে, এক সপ্তাহে তিনজনের মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। আবারও করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।


নবীনতর পূর্বতন

প্রভাত চিত্র


প্রভাত চিত্র নিউজ ডেস্ক