যশোর প্রতিনিধি: নতুন দিগন্ত |
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
যশোর-নড়াইল মহাসড়কে নড়াউল এক্সপ্রেস বাস ও বাশবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া বাজার সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইলগামী নড়াউল এক্সপ্রেস বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাশবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং গুরুতর আহত হন অন্তত ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন সরকারি পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বাঘারপাড়া থানার ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

