স্পোর্টস| ডেক্স|৩ নভেম্বর ২০২৫
![]() |
| ছবি: ফাইল ফুটেজ |
এশিয়া কাপের আগে থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই ব্যর্থতার ধারাবাহিকতায় ঘরের মাঠে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশের লজ্জাও পেতে হয়েছে লিটন দাসদের। এরই মাঝে গুঞ্জন উঠেছিল—জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।
সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্যই আপাতত চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই অধিনায়ক।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, আপাতত শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করা হয়েছে। সিরিজে দলের পারফরম্যান্স ইতিবাচক হলে তার মেয়াদ বাড়ানো হতে পারে।
জাতীয় দলের সঙ্গে এটি আশরাফুলের প্রথম কোচিং দায়িত্ব হলেও ঘরোয়া পর্যায়ে তিনি ইতিমধ্যে কোচ হিসেবে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগে শিরোপা জিতেছেন তিনি। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।
এখন দেখা যাক, জাতীয় দলের ব্যাটিং ঘুরে দাঁড়াতে পারেন কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।

